কেবল লাড্ডু কিংবা মোদক নয়, গণেশের প্রিয় পদের তালিকায় রয়েছে আরও ৫ মিষ্টি

6th September 2024 4:30 pm Entertainment
কেবল লাড্ডু কিংবা মোদক নয়, গণেশের প্রিয় পদের তালিকায় রয়েছে আরও ৫ মিষ্টি


গণেশ চতুর্থী উৎসবটি পালন করা হয় দশ দিন ধরে। ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দেশ জুড়ে পূজিত হলেও মুম্বই তথা মহারাষ্ট্রে যেন ‘গণপতি বাপ্পা মৌরিয়া’-র হুঙ্কার একটু বেশি। তবে পিছিয়ে নেই এ শহরও। বছর পাঁচেক ধরে এখন বাড়িতে তো বটেই, পাড়ার মোড়ে মোড়ে ছোট-বড় প্যান্ডেল করে সিদ্ধিদাতার পুজো করা হয়। সেই পুজোর আয়োজনও হয় বিশাল। ভোগের থালায় থাকে রকমারি খাবার, গণেশের প্রিয় মোদক ও লাড্ডু। কিন্তু গণেশের ভোগ মানেই কিন্তু শুধু লাড্ডু ও মোদক নয়, সিদ্ধিদাতার পছন্দের খাবারে রয়েছে আরও রকমারি পদ। জেনে নিন, কী কী রয়েছে সেই তালিকায়।

বাসুন্দি: একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। মিনিট ১৫ পর দুধের পরিমাণ অর্ধেকের থেকেও কমে এলে কেশর মেশানো দুধ দিয়ে আরও মিনিট পাঁচেক ধরে দুধ গাঢ় করে নিন। এ বার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে নাড়াচাড়া করুন। দুধ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো ও ঘিয়ে ভাজা কাজুবাদাম, পেস্তা মিশিয়ে দিন।

সিরা: কড়াইয়ে জল গরম করে ঘিয়ে ভাজা সুজি ভাল করে মিশিয়ে নিন। এ বার সুজির সঙ্গে চিনি, কেশর ভেজানো সামান্য দুধ, ঘিয়ে ভেজে রাখা কাজুবাদাম ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে উপর থেকে আরও খানিকটা ঘি দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে সিরা।

নারকেলের বরফি: নারকেল যেমন অনেকের পছন্দ, তেমনই ভোজনরসিকদের আর এক ধরনের পছন্দের মিষ্টি হল বরফি। আর এই দু’য়ে মিলে গেলে তো আর কথাই নেই। তাজা নারকেল, চিনি আর এলাচের মনমাতানো স্বাদে ও গন্ধে তৈরি এই মিষ্টি বরফির আকারে বানাতে পারেন।

পুরান পোলি: কড়াইয়ে ঘি গরম করে তাতে ছোলার ডাল বাটা ভাল করে ভেজে নিয়ে একে একে মিশিয়ে নিন গুড়, এলাচ গুঁড়ো আর চিনি। মিশ্রণটি শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে পুরটি ঠান্ডা করে নিন। এ বার ময়দা মেখে লেচি কেটে নিয়ে তাতে ভরে ফেলুন ডালের পুর। পরোটার আকারে বেলে ঘিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুরান পোলি।

শ্রীখণ্ড: একটি পাত্রে জল ঝরানো টক দই নিয়ে তার সঙ্গে গুঁড়ো চিনি, কেশর ভেজানো জল, এলাচগুঁড়ো আর কাজুবাদাম কুচি খুব ভাল করে ফেটিয়ে নিন। প্রয়োজনে মিক্সির ব্যবহার করতে পারেন। ঠান্ডা করে গণেশের ভোগের তালায় পরিবেশন করতে পারেন শ্রীখণ্ড।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।