একটানা কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সেই ২০১৪ সালে এমন আবহাওয়ার এমন চরম পরিস্থিতি দেখা গিয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, গত ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে। একটানা এমন গরম এবং তাপপ্রবাহ আগে কখনও হয়নি মহানগরে।গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গরম পড়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার করে ফেলেছে। বেলা আড়াইটের ওয়েদার বুলেটিন বলছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় গরম ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও গরম, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবারের পর থেকে আবহাওয়া কিছুটা বদলাতে পারে। মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা এখনও জানা যায়নি।